নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নাজমুল ইসলাম হত্যা মামলায় যুক্তরাজ্য থেকেও আসামি হয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মহিবুর রহমান।
গত (২৫ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং: ১০/১৩৮, তাং:২৫/৮/২০২৪ইং) দায়ের করেন নিহত নাজমুল ইসলামের স্ত্রী মোছাঃ খাদিজা মাহিনুর (২২)।
নিহত নাজমুল ইসলামের বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে। স্বামী নাজমুল হত্যায় স্ত্রী খাদিজা মাহিনুর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ১১৯ জনের নামোল্লেখ ও ১০০/১১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় ২৫ নাম্বার আসামি করা হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মহিবুর রহমানকে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের আজমান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর পোনে ১ টার দিকে শেখ হাসিনা সরকার পতনের দাবিতে সারাদেশের ন্যায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোটস্থ স্থানে ছাত্র-জনতার সাথে মিছিলে অংশগ্রহণ করেন নিহত নাজমুল ইসলাম। এসময় পূর্বপরিকল্পিত ভাবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, পুলিশ, বিজিবি মিছিলকে লক্ষ্য করে দেশী-বিদেশী অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার এক পর্যায়ে নিহত নাজমুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় নাজমুল ইসলামের স্ত্রী হত্যা মামলা দায়ের করেন।
এদিকে জানা যায়, ছাত্রলীগ নেতা মহিবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় এক বছর পূর্বে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন৷ যুক্তরাজ্য থাকলেও শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় মহিবুর রহমানকে হিংসাত্মক ভাবে হত্যা মামলার আসামি হতে হয়েছে। হত্যা মামলার আসামি হওয়ায় উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় দিনযাপন করছেন তার পরিবারের সদস্যরা৷

Post a Comment