নিজস্ব প্রতিবেদক : দেশে থাকাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নাজমুল ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ১ যুগেরও বেশি সময় ধরে প্রবাসে থাকা সাবেক এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলার পর এবার আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
গত (১ অক্টোবর) সিলেট কোতোয়ালি মডেল থানায় রায়হান উদ্দিন (২৭) নামে এক যুবক এ মামলা দায়ের করেন। যাহা কোতোয়ালী মডেল থানার মামলা (মামলা নং-১, তাং:১/১০/২০২৪ ইং)।
ওই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানকে প্রধান আসামি করা হয়। এছাড়াও ৬৯ জনের নামোল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী নাজমুল ইসলামকে ১১ নাম্বার আসামি করা হয়।
নাজমুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের ফতির আলীর ছেলে। তিনি বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দেশজুড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেন মামলার বাদি রায়হান উদ্দিন। মিছিলটি নগরীর শাহজালাল ভার্সিটি গেইটের সামনে থেকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে মামলার আসামিরা ছাত্রজনতার উপর দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় বাদিসহ অনেক ছাত্র-জনতা আহত হন। এঘটনায় রায়হান উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলার ১১নং আসামি নাজমুল ইসলাম দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালীন সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও তিনি জামায়াত-শিবিরের হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার তিনি প্রবাসে যাওয়ার পরও একের পর এক মিথ্যা মামলায় আসামি হচ্ছেন। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজারি করা হয়েছে।

إرسال تعليق