গোলাপগঞ্জে যুক্তরাজ্যে থেকেও মামলার আসামি হলেন ছাত্রলীগ নেতা লিমন


গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করার পরও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি হয়েছেন ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমদ লিমন।


গত ১৭ অক্টোবর সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ মামলাটি দায়ের করেন সেলিম আহমদ (৪৪)। যা গোলাপগঞ্জ সি.আর মামলা নং: ৩১৩/২০২৪ ইং। মামলার বাদি উপজেলার ঘোষগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে। উক্ত মামলায় তিনি ১০৭ জনের নামোল্লেখ করে ৯০/১০০ জনকে অজ্ঞাত আসামি করেন।


ওই মামলায় জাকারিয়া আহমদ লিমনকে ৫ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে৷ তিনি ফুলবাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের কায়স্হগ্রামের মো.লিয়াকত আলীর ছেলে।


মামলার তথ্য অনুযায়ী, ঘটনার দিন ২০২৪ সালের ৪ আগস্ট এক দফা দাবিতে সারাদেশের মতো গোলাপগঞ্জেও ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এদিন দুপুরে সরকারি এমসি একাডেমির সামনে থেকে মিছিল নিয়ে পৌর শহরের চৌমুহনীর উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থল কদমতলী ইসলাম প্লাজার সামনে মামলার আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালায়। হামলার ফলে ছাত্র-জনতা গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ বাঁচাতে দিগবিদিক ছুটতে থাকে। এসময় মামলার বাদি সেলিম আহমদের ভাই রুমন আহমদ (২৮) গুলির আঘাতে গুরুতর আহত হন। এঘটনায় সেলিম আহমদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। 


তবে মামলায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমদ লিমনের নাম থাকায় উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্থানীয়রা বলছেন, যুক্তরাজ্য থাকার পরও একজন মানুষ কিভাবে মামলার আসামি হয়? তারা মনে করেন, ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে তাকে হিংসাত্মক ভাবে মামলার আসামি করা হয়েছে। 


এদিকে জানা যায়, মামলা হওয়ার পর থেকে জাকারিয়া আহমদ লিমনকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। পুলিশী হয়রানির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তার পরিবারের সদস্যরা এমনটাই জানা যায়।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24