কানাইঘাটে ছাত্রলীগ নেতা আশরাফের মায়ের উপর হামলা, হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাটে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানের মা বিলকিস বেগমের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত বিলকিস বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


গতকাল (১৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চতুল বাজারে এ হামলার ঘটনা ঘটে। 


আহত বিলকিস বেগম কানাইঘাট উপজেলার বীরদল লক্ষীপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী৷ বর্তমানে তারা নগরীর শিবগঞ্জ খর্দ্দাপাড়া বৈশাখী ১৩৬ নং এলাকায় বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানের মাতা।


জানা যায়, আহত বিলকিস বেগমের ছেলে আশরাফ উদ্দিন রোমান বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকাকালীন তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত বছরের ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে থাকা নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, আত্মীয়স্বজন, ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা চলতে থাকে৷ এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমান প্রবাসে থাকায় তার পরিবারের সদস্যদের উপরও চলে নির্যাতন। একাধিক সময়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাদের বাসায় হামলা চালায়। যে কারণে আশরাফ উদ্দিন রোমানের পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে এক স্থান থেকে অন্য স্থানে বসবাস করতে থাকেন। 


আরও জানা যায়, ঘটনার দিন অন্যত্র যাওয়ার জন্য লুকিয়ে কানাইঘাটের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা হন আশরাফ উদ্দিন রোমানের মা ও ভাই৷ পথিমধ্যে চতুল বাজারে যাওয়া মাত্র তাদের গাড়ি আটকিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। হামলার সময় আশরাফের ভাই পালিয়ে গেলেও হামলার শিকার হন তার মা বিলকিস বেগম। হামলায় বিলকিস বেগম গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা বিলকিস বেগমকে উদ্ধার করে স্থানীয় হলি হেল্থ হসপিটালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন৷


ঘটনার সত্যতা নিশ্চিত করেন কানাইঘাট থানার ওসি রফিকুল ইসলাম।  


এদিকে ৫ আগস্টের পর থেকে যুক্তরাজ্যে ভীষণ উদ্বেগে দিনপাড় করছেন ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমান। দেশে ফিরলে স্ত্রী-সন্তান নিয়ে যে কোন সময় হামলার শিকার হতে পারেন তিনি।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24