নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য প্রবাসী সুলতান আহমদের পিতা মো.মঈন উদ্দিনের (৭৫) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মাথিউরা দুধবখশী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হামলার শিকার মো.মঈন উদ্দিন। এসময় কিছু বুঝে উঠার আগেই কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে রয়েছেন, তবে তার শারীরিক অবস্থা আশংকাজনক।
আহত মঈন উদ্দিনের স্ত্রী ছাত্রদল নেতা সুলতান আহমদের মা হেনা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে হৃদরোগ ভুগছেন৷ এরআগে একাধিক তিনি হার্টএ্যাটাক করেন৷ হামলার পর থেকে তার অবস্থা আশংকাজনক জানিয়ে তিনি বলেন, আজ সিলেটে উন্নত চিকিৎসার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, আমার ছেলে সুলতান বর্তমানে যুক্তরাজ্য বসবাস করছে৷ প্রতিনিয়ত তাকে হত্যার জন্য হুমকি অব্যাহত রয়েছে। সে দেশে ফেরা মাত্র তাকে প্রাণে হত্যা করা হবে এমন হুমকি দেওয়া হচ্ছে৷
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক প্রতিহিংসা এ হামলার পেছনে রয়েছে।
আহত মো. মঈন উদ্দিন বলেন, ঘটনার কয়েকদিন পূর্বে স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলেরলোক বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই জন তাকে অপরিচিত মোবাইল নম্বর থেকে দুই দফা হুমকি দিয়ে ছিলো। হামলার সময় সন্ত্রাসীদের মুখ বাঁধা থাকায় চেনা সম্ভব হয়নি, তবে তার দৃঢ় সন্দেহ তার পূর্বের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মঈন অ্যান্ড সন্স, যেটি উনার ছেলে লন্ডনে যাওয়ার পর চাঁদা দাবি করে, চাঁদা না পেয়ে পুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং যাদের কাছ থেকে তিনি দীর্ঘদিন ধরে হুমকি পাচ্ছেন, তারাই এ হামলার সাথে জড়িত।
তিনি আরও অভিযোগ করেন, পূর্বে এদের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আসামিরা এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
ঘটনার পরদিন ১৪ জুলাই সোমবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল বিয়ানীবাজার পৌরশহর এবং কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করে।
এদিকে, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার (হাজি দিনার) আহত মঈন উদ্দিনজে দেখতে উনার বাড়িতে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এছাড়া বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানোর আশ্বাস দিয়েছে।

إرسال تعليق