গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২ নম্বর গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মারওয়ানের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার একটি এলাকায় ১৫-২০ জনের একটি দল মারওয়ানের বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। এ সময় ঘরে থাকা মালামাল লুটপাট এবং পরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
মাহমুদ হাসান মারওয়ান ওই সময় বাড়িতে না থাকায় তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভিযোগে বলা হয়েছে, হামলাটি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহাদের নেতৃত্বে সংঘটিত হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। সংগঠনটির এক বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম, মারওয়ানের বাড়িতে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, মারওয়ানের নামে বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনের হামলার ২টি মামলা রয়েছে।

إرسال تعليق