বাড়ি কুমিল্লা, থাকেন যুক্তরাজ্যে, সিলেটে মামলার আসামি হলেন শাখাওয়াত

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটে সরকারি বিরোধী মিছিলের অভিযোগে যুক্তরাজ্যে থেকেও মামলার আসামি হলেন শাখাওয়াত হোসেন। অথচ তার বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার নন্দনপুর গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। 


জানা যায়, গত (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানার নবাব রোডস্থ পিডিবি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিল দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।


পরে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মাসুদ আহমদ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি (মামলা নং: ২৬, তাং:১৮/৬/২০২৬ইং) মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নামোল্লেখ ও ৪০/৪৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


উক্ত মামলায় ১৭ নাম্বার আসামি করা হয় কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার নন্দনপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী শাখাওয়াত হোসেনকে। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।


মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় কোতোয়ালি থানা এলাকার নবাব রোডস্থ পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী মিছিল করছে। খবর পেয়ে পুলিশ নবাব রোডস্থ পিডিবি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে৷ এসময় মামলার অন্যান্য আসামিরা দৌড়ে পালিয়ে যায়।


আরও জানা যায়, আসামিরা বিভিন্ন সময় জেলা ও মহানগর ছাত্রলীগের ব্যানারে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে মিছিল করে থাকেন৷


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির আসামিদের গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এদিকে কুমিল্লায় বাড়ি ও বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করা সত্বেও সিলেটে সরকারি বিরোধী মিছিল করার অভিযোগে মামলায় শাখাওয়াত হোসেনের নাম আসায় চরম উদ্বিগ্নে দিনপাড় করছেন তার পরিবার। এরআগে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় কুমিল্লা জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়।

Post a Comment

أحدث أقدم
Sylhet Natun Barta 24